বৈশ্বিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। গত ২৮ ফেব্রুয়ারি ইরান সংক্রান্ত সংঘাত শুরুর আগে প্রতি ব্যারেল তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার। পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে তা বাড়তে বাড়তে একপর্যায়ে ১১৯ ডলার ছাড়িয়ে যায়।
আল জাজিরা জানিয়েছে, সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই এ ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। ইরানের বন্দরগুলো অবরোধের বিষয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণার পরপরই বাজারে এই দাম বৃদ্ধির চাপ তৈরি হয়েছে। এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত এক সমঝোতা বৈঠকের সময় তেলের দাম কিছুটা কমেছিল। তবে বৈঠকটি ভেস্তে যাওয়ার পর আবারও বাজারে অনিশ্চয়তা তৈরি হয় এবং তেলের দাম বাড়তে শুরু করে।
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে মানদণ্ড হিসেবে ব্যবহৃত ব্রেন্ট ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে বর্তমানে প্রতি ব্যারেল ১০২ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে বিক্রি হচ্ছে। ইরান ইস্যুকে কেন্দ্র করে চলমান উত্তেজনা অব্যাহত থাকলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে, যার প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও পড়বে।






