ঢাকার আবহাওয়ায় কিছুটা অস্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির আশঙ্কা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে আর্দ্রতা ও গরমের সংমিশ্রণে জনজীবনে অস্বস্তি বাড়তে পারে।
আজ (১৭ সেপ্টেম্বর) বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রাজধানীর আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এসময় ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ, যা অতিরিক্ত ঘাম এবং অস্বস্তির অন্যতম কারণ।
এদিকে সারা দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে, বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে।








