ব্যক্তিগত কারণে মোহালিতে আফগানিস্তানের বিপক্ষে তিন টি-টুয়েন্টির সিরিজের প্রথমটিতে খেলবেন না বিরাট কোহলি। সিরিজের বাকি দুই ম্যাচে ভারতীয় দলে তাকে পাওয়া যাবে বলে অবশ্য আশা করা হচ্ছে।
টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় ম্যাচের আগের দিন বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ইন্দোর ও বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে ফিরে আসবেন বলে জানান।
২০২২ সালের নভেম্বরে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর জাতীয় দলের জার্সিতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আর খেলেননি কোহলি ও রোহিত শর্মা। আফগানদের বিপক্ষে তারা আবারো স্কোয়াডে ফিরেছেন।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী জুনে হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে আফগানিস্তান সিরিজটি ভারতের এই ফরম্যাটের শেষ সিরিজ। ২৯ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত চলবে আইপিএল।
বৃহস্পতিবার মোহালিতে হবে প্রথম টি-টুয়েন্টি। ইন্দোর ও বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে ১৪ এবং ১৭ জানুয়ারি।








