শনিবার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তের প্রতিবাদে এক ঘণ্টার কর্মবিরতি পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে, আগামী শনিবার (১১ মে) সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়েছে, আগামী শনিবার (১১ মে) সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত এক ঘণ্টা সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লব।
শিক্ষক নেতারা বিবৃতিতে জানান, সরকারের এমন একতরফা সিদ্ধান্তে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকরা সংক্ষুব্ধ। শিখন ঘাটতি কি শুধু মাধ্যমিক পর্যায়ে হয়েছে, বিবৃতিতে শিক্ষক নেতারা এমন একটি প্রশ্ন রাখেন সরকারের কাছে।
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার যৌক্তিকতা তুলে ধরে শিক্ষক নেতারা বলেন, কোনও প্রাকৃতিক দুর্যোগ শিক্ষক কিংবা শিক্ষার্থীর সৃষ্ট নয়। পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ হতেই পারে। আগেও হয়েছে। সে কারণে নির্ধারিত ছুটি কমিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়।
একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের চিকিৎসা নেয়া, আত্মীয়ের বাড়িতে বেড়ানো, আচার-অনুষ্ঠান ও বিশ্রামসহ বিভিন্ন পরিকল্পনা থাকে। একদিনের ছুটিতে যাবতীয় কাজ ও সমস্যার সমাধান করা সম্ভব নয়। এতে সামাজিক, শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় দিবসগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান নিতে হচ্ছে, অথচ সেদিন অন্যদের ছুটি। শুধু তাই নয়, শিখন ঘাটতি পূরণ করতে গত বছরের গ্রীষ্মকালীন ছুটি ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। চলতি বছর রমজানের ছুটি কমানো হয়েছে, যা মোটেই সুবিবেচনা প্রসূত হয়নি।







