অনিয়ম, দুর্নীতি, স্বচ্ছতা, সুশাসনের অভাব ও অব্যবস্থাপনার কারণে ৮০ ভাগ প্রকৃত দরিদ্র মানুষ টিসিবি’র ফ্যামিলি কার্ড পায়নি বলে জানিয়েছে দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা টিআইবি।
গবেষণা প্রতিবেদনে টিআইবি বলেছে, রাজনৈতিক, স্থানীয় ও প্রশাসনিক প্রভাবশালীদের কারণে একই পরিবারের একাধিক সদস্য এবং স্বচ্ছল ব্যাক্তিদের একাংশ ফ্যামিলি কার্ডে অন্তর্ভুক্ত হয়েছে।
গবেষণায় টিআইবি বলছে, তদবির বা সুপারিশ না থাকায় কাঙ্খিত জনগোষ্ঠির মধ্যে ৩৩.৮% এবং রাজনৈতিক বিবেচনায় বাদ পড়েছেন ১৫.৭ শতাংশ প্রকৃত উপকারভোগী।
দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে নিম্ন আয়ের এক কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চলতি বছরের মার্চ এপ্রিল মাস থেকে টিসিবি’র পণ্য সরবরাহ শুরু করে সরকার। কিন্তু চলমান এই কার্যক্রম নিয়ে এরই মধ্যে বেশকিছু অনিয়ম অব্যবস্থাপনার অভিযোগ এসেছে।
গবেষণা প্রতিবেদনে টিআইবি জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রাথমিক তালিকা তৈরির পর ওয়ার্ড সভার মাধ্যমে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে তালিকা চূড়ান্ত করা, সারাদেশ থেকে সংগৃহীত পুরো তালিকা মন্ত্রণালয় ও টিসিবি’র ওয়েবসাইটে প্রকাশ করারও সুপারিশ করেছে।
এছাড়া বঞ্চিত হওয়া দলিত, আদিবাসী প্রান্তিক ও দুর্গম এলাকার মানুষদের অন্তর্ভুক্ত করাসহ সুশাসন নিশ্চিত করার সুপারিশ করেছে টিআইবি।
এ গবেষণার জরিপে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, জরিপে অংশগ্রহণকারী উত্তরদাতা যারা ইতোপূর্বে ২,৫০০ টাকা নগদ সহায়তা পেয়েছিলেন তাদের ৩৯ দশমিক ৫ শতাংশ ফ্যামিলি কার্ড পাননি। যারা কার্ড পাননি তাদের ৮০.৪ শতাংশকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বাদ দেওয়া হয়েছে বলে জানানো হয়।
প্রতিবেদনটি উপস্থাপন করেছেন টিআইবির রিসার্চ ফেলো মোহাম্মদ নূরে আলম।







