বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আমজনতার দলের তারেক রহমানকে বঞ্চিত করা হচ্ছে। যাচাই-বাছাই করে তার দলকে নিবন্ধন দেয়া উচিত। তার চেয়ে অনেক অযোগ্য দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। সেগুলো পুনঃমূল্যায়ন করা হোক।
রোববার (৯ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে তাকে দেখতে ছুটে যান বিএনপি নেতা ইশরাক হোসেন। এসময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি মন্ত্রণালয় যুবকদের ট্রেনিং দিতে চাচ্ছে। এটি কিসের আলামত? তারা যে গ্যাং তৈরি করবে না, সেটি কিভাবে বলি।
এদিন দুপুরে ইসির সামনে দেখা যায়, আমজনতার দল নামে নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় তারেক রহমান আমরণ অনশনে বসেছেন। এখন পর্যন্ত তার অনশন চলছে ১২৫ ঘণ্টা ধরে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ইতোমধ্যে তার শরীরে চারটি স্যালাইন পুশ করা হয়েছে। স্বাভাবিকভাবে কথা বলতেও পারছেন না তিনি। ইশারা-ইঙ্গিতে সব বোঝানোর চেষ্টা করছেন।
আমজনতার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সংগ্রামী তরুণ নেতা তারেক রহমান বর্তমানে আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই কঠিন মুহূর্তে আমজনতার দল দেশবাসীর নিকট তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করছে।
দলটি আরও জানায়, এরই মধ্যে ১২২ ঘণ্টা পেরিয়ে গেছে তারেক রহমানের আমরণ অনশন কর্মসূচির। কিন্তু নির্বাচন কমিশনের এখনও টনক নড়েনি। গণদাবি ও নিবন্ধনের ন্যায্য প্রশ্নে নীরব নির্বাচন কমিশনের এই উদাসীনতা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।








