দীর্ঘ প্রায় দুই দশক পর নানাবাড়ি ফেনীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) তিনি ফেনী সফরে যেয়ে বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
দলীয় সূত্র জানায়, রোববার দুপুর ২টায় ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। পরে বিকাল ৪টার দিকে তিনি চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনী শহরের পাইলট হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন।
বিএনপির ভোটব্যাংক হিসেবে পরিচিত ফেনী জেলা তারেক রহমান ও তার মা, সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আবেগ ও স্মৃতিবিজড়িত এলাকা। বেগম খালেদা জিয়ার পিতৃভূমি হওয়ায় ফেনীর মানুষের সঙ্গে তারেক রহমানের রয়েছে বিশেষ সম্পর্ক।
এর আগে সর্বশেষ ২০০৬ সালে ছাগলনাইয়ায় শিল্পপতি এম এ কাশেমের প্রয়াত পুত্র তারেক কাশেমের স্মরণে আয়োজিত স্মৃতিবৃত্তি অনুষ্ঠানে যোগ দিতে ফেনী সফর করেছিলেন তিনি। প্রায় ২০ বছর পর আবারও নানাবাড়ির মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা।
তারেক রহমানের আগমনকে ঘিরে ফেনী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রায় ১৬ লাখ জনসংখ্যার এই জেলায় জনসভায় কয়েক লাখ নেতাকর্মী, ভোটার ও সাধারণ মানুষের উপস্থিতি ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে পুরো ফেনীতে সাজ সাজ রব। দলমত নির্বিশেষে লাখ লাখ মানুষ এই জনসভায় যোগ দেবেন বলে আমরা আশাবাদী। তিনি জানান, তৃণমূল পর্যায়ে সংগঠনের নেতাকর্মীরা দিনরাত কাজ করছেন।
শুধু ফেনী নয়, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ আশপাশের জেলা থেকেও বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে জানিয়েছে দলীয় সূত্র। জনসভায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মোট ১৩ জন এমপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে মায়ের পিতৃভূমি ফেনীতে তারেক রহমানের আগমন তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে। জেলা থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা এ সফরকে ঘিরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন।
ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা বলেন, পুরো ফেনীবাসী আগ্রহ নিয়ে তারেক রহমানের বক্তব্য শোনার অপেক্ষায় আছেন। অনেকেই কাছ থেকে প্রিয় নেতাকে দেখার সুযোগ পাবেন বলে আশাবাদী।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, পাইলট হাইস্কুল মাঠে প্যান্ডেল নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। কোনো ধরনের ঘাটতি যেন না থাকে সে বিষয়ে নেতাকর্মীরা সার্বক্ষণিক তদারকি করছেন।
ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন খোন্দকার বলেন, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের নেতাকর্মীরা জনসভায় অংশ নেবেন। অন্তত পাঁচ লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি।
তারেক রহমানের সফরকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফেনী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, জনসভাস্থলে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।








