ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়। শান্তিপূর্ণ পরিবেশে সারাদেশে একযোগে ভোট চলছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সকালেই তিনি কেন্দ্রে পৌঁছান। এ সময় দলের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে কেন্দ্র এলাকায় বাড়তি উৎসাহ দেখা যায়। নিরাপত্তা বাহিনীর কড়া পাহারার মধ্য দিয়ে তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করেন এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি ভোটারদের নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।
এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামিকে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। অধিকাংশ আসনেই এই দুই দলের প্রার্থীদের মধ্যে সরাসরি লড়াই হচ্ছে।
এবার ২৯৯ আসনে একযোগে ভোট হচ্ছে। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি। সারাদেশে ৪২ হাজারের বেশি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব কেন্দ্রে ব্যালট, বাক্সসহ প্রয়োজনীয় উপকরণ আগেই কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যসহ ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অধিকাংশ কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
ভোট গ্রহণ শুরুর পর রাজধানীসহ সারাদেশেই ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা গেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী হয়ে ভোটকেন্দ্রে আসছেন নানা বয়সী মানুষ।
নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।








