তৃতীয় ওভারে প্রথম বল খেলার সুযোগ পান লিটন দাস। তামিম ইকবাল ততক্ষণে দুই অঙ্ক ছাড়িয়ে থিতু হয়ে গেছেন উইকেটে। শুরুতে নড়বড়ে থাকা লিটন দারুণ এক ছক্কায় খোলস ছেড়ে বের হওয়ার ইঙ্গিত দিলেও আউট হন পরের বলেই।
ইনিংসের পঞ্চম ওভারে দলীয় ৩৩ রানে ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হন লিটন। রিভিউ নিয়ে ব্যর্থ হলে ১৫ বলে ৭ রান করে ফেরেন টাইগার ওপেনার।
মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। অধিনায়ক তামিম লড়াই চালিয়ে যান তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে। ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ফিফটি ছাড়িয়ে যায় স্বাগতিক দল।
দশম ওভারে আঘাত হানেন মার্ক উড। তামিমকে বোল্ড করে সাজঘরে পাঠান। ডানহাতি পেসারের বাউন্সার টাইগার ওপেনারের শরীরে লেগে স্টাম্পে আঘাত হানে বল।
সেট হয়েও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন তামিম। বাংলাদেশ অধিনায়ক ৩২ বলে ২৩ রান করেন চারটি চারের সাহায্যে।
দীর্ঘদিন পর ওয়ানডে একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। গত আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন তিনি। দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।







