মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে গালফ অঞ্চলে বেসামরিক বিমান চলাচল বন্ধ রয়েছে। সেকারণে বিশ্বকাপ শেষ হলেও ভারত থেকে দেশে ফিরতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ক্যারিবীয়ানদের দেশে ফেরাতে একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি উড্ডয়নের, ফলে তারা কবে ভারত ছাড়তে পারবেন তা এখনও অনিশ্চিত।
উইন্ডিজের কোচ ডারেন স্যামি চার্টার্ড ফ্লাইটের বিষয় জানতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘একটি আপডেট পেলাম। আমরা ঠিক এটিই চেয়েছিলাম।’ এর কয়েকঘণ্টা আগেই তিনি সামাজিক মাধ্যমে নিজের হতাশার কথা প্রকাশ করেছিলেন।
গত রোববার কলকাতায় সুপার এইটে ভারতের কাছে হেরে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। উপসাগরীয় অঞ্চলের কিছু অংশে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় তারা দেশে ফিরতে পারেনি। হতাশা প্রকাশ করে আগে স্যামি লিখেছিলেন, ‘আমি শুধু বাড়ি ফিরতে চাই।’
চার ঘণ্টা পর তিনি আরেকটি পোস্ট করে দলের ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার তথ্য জানতে চান। তিনি লিখেছিলেন, ‘কমপক্ষে একটা আপডেট দিন, কিছু তো বলুন, আজ, কাল, নাকি আগামী সপ্তাহ? পাঁচ দিন হয়ে গেল।’
যদিও আলোচনায় আছে ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন খেলোয়াড় সম্ভবত ভারতে থেকেই যাবেন। কারণ তাদের নিজ নিজ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো শিগগিরই প্রস্তুতি ক্যাম্প শুরু করতে যাচ্ছে।
এরআগে অবশ্য ক্রিকেট এ্যাসোসিয়েশন বেঙ্গলের (সিএবি) এক কর্মকর্তা বলেছেন, ‘বিষয়টি পুরোপুরি দেখভাল করছে আইসিসি। এটি সম্পূর্ণ তারাই পরিচালনা করছে। ওয়েস্ট ইন্ডিজ দলের যাত্রা সম্পর্কে আমাদের কাছে কোনো নতুন আপডেট নেই। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী তারা এখনও এখানে আছে এবং একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা চলছে।’
এদিকে একই কারণে ভারতে আটকে পড়া জিম্বাবুয়ের খেলোয়াড়রা ধাপে ধাপে দেশে ফিরতে শুরু করেছেন। আইসিসি তাদের জন্য বিকল্প ভ্রমণপথের ব্যবস্থা করেছে। এদিকে চলতি মাসে নিউজিল্যান্ডের ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সিরিজ খেলবে সাউথ আফ্রিকা, যার কারণে প্রোটিয়াদের বেশ কিছু খেলোয়াড় ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন।







