‘আমি দলের জন্য খুব গর্বিত। বিশেষ করে আমরা যেভাবে বোলিং এবং ব্যাটিং করেছি। এসবের জন্য আমি বেশ গর্বিত। জয়ের খুব কাছাকাছি আমরা ছিলাম। কিন্তু সামান্য দূরে রয়ে যাই। গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা ভালো করেছিলাম। যেভাবে আমরা লড়াই করেছি তা, দারুণ ছিল।’
শ্বাসরুদ্ধকর ম্যাচে সাউথ আফ্রিকার কাছে এক রানে হারের পর এভাবেই নিজের অনুভূতি জানান নেপালের অধিনায়ক রোহিত পাউডেল। ঐতিহাসিক জয়ের কাছাকাছি আসার পরেও জয় না পাওয়া নিয়ে আক্ষেপ থাকলেও আগামী দিনে বড় দলগুলোর বিপক্ষে জয়ের আশাবাদও তিনি ব্যক্ত করেন।
সেন্ট ভিনসেন্টে শনিবার ভোরে টসে হেরে ব্যাটিংয়ে নামা প্রোটিয়ারা ৭ উইকেটে কেবল ১১৫ রানের সংগ্রহ পায়। জবাবে নেপাল ৭ উইকেটে ১১৪ রানে থামলে জয়বঞ্চিত হয়।
শেষ নেপালের জয়ের জন্য দরকার ছিল ৮ রান। পরে সমীকরণ দাঁড়ায় ২ বলে ২ রান। বার্টম্যান পঞ্চম বলে রান দেননি। তাতে শেষ বলে নেপালের দরকার পড়ে ২ রান। ম্যাচের শেষ ডেলিভারিটি ছিল শর্ট বল। ব্যাটে বল না লাগায় দুই ব্যাটার দৌড় শুরু করেন। ডি ককের কাছ থেকে বল নিয়ে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙেন হেনরিখ ক্লাসেন। তৃতীয় আম্পায়ার গুলশান ঝাকে রান আউট ঘোষণা করলে এক রানের নাটকীয় জয় পায় সাউথ আফ্রিকা।
বড় দলের বিপক্ষে এমন উত্তেজনা ও নাটকীয় পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা ক্রিকেটের উদীয়মান দেশটির নেই বললেই চলে। তবে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পেলে এমন পরিস্থিতিতে জয় পাওয়া সম্ভব বলেই মনে করেন পাউডেল। বললেন, ‘আমরা যদি এরকম বড় টুর্নামেন্টে নিয়মিত খেলতে পারি, তাহলে পরের ম্যাচে এরকম পরিস্থিতিতে আমরা উল্টো প্রান্তে থাকব।’








