চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দেয়া ১২০ রানের মামুলি লক্ষ্য তাড়ার পথেই ছিল পাকিস্তান। শেষ ৫ ওভারে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের দরকার ছিল ৩৭ রান, হাতে ৬ উইকেট। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ তখন অনেকটাই ব্যাটিং সহায়ক হয়ে গিয়েছিল। নাটকীয় ম্যাচে ৬ রানে হারের জন্য দলের বাজে সিদ্ধান্তকে দুষলেন কোচ গ্যারি কারস্টেন।
ম্যাচ শেষে প্রোটিয়াদের সাবেক ওপেনার বলেছেন, ‘নিশ্চিতভাবেই এটা হতাশাজনক হার। আমি জানতাম ১২০ রান সহজ লক্ষ্য হচ্ছে না। ভারতও যদি শুধুমাত্র ১২০ রানের লক্ষ্য পায়, তবে এটি তাড়া করা সবসময় সহজ হবে না। খেলায় ছয় বা সাত ওভার বাকি থাকতে স্কোর ২ উইকেটে ৭২ রানে ছিল। এরপরও না জেতা হতাশাজনক।’
কারস্টেনের কাছে প্রশ্ন যায় ম্যাচের ঠিক কোন জায়গায় পাকিস্তানের জয়টা হাত ফসকে গেছে। তার মতে, সময়মতো ব্যাটাররা রানের গতি না বাড়ানোর সিদ্ধান্তে ঘটিয়েছে সর্বনাশ।
‘সিদ্ধান্ত গ্রহণে ভুল ছিল। হয়তো এতটা ভালো সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই। খেলা শুরু করেছেন তখন অনেক বল হাতে, আট উইকেটও হাতে। সেই সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া দরকার ছিল। এটাই আসলে খেলা। আপনার জন্য এটাই আন্তর্জাতিক ক্রিকেট। এরকম ভুল করলে তার মূল্য দিতেই হবে। মনে করি, খেলার গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম।’
পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ান ধীরগতির ব্যাটিংয়ে ৪৪ বলে ৩১ রানের ইনিংস খেলেন। জাসপ্রীত বুমরাহর ১৫তম ওভারের প্রথম বলে স্লগ করতে গিয়ে পড়ে যান এবং বোল্ড হন।
সে প্রসঙ্গে কারস্টেনের ভাষ্য, ‘ভেবেছিলাম রিজওয়ান আমাদের জন্য ভালো খেলেছে। আমরা জানতাম, এমন পিচে ব্যাট করা কঠিন হবে। আমরা খুব ভালোভাবে রানতাড়া সামলেছিলাম। কিন্তু শেষপর্যন্ত নিজেদের ভুলে পিছলে পড়ে যাই।’







