নেপালের বিপক্ষে টেনেটুনে ১০৬ রানের সংগ্রহ দাঁড় করিয়ে অলআউট হয় বাংলাদেশ। পরে তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার প্লেতে ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান নিয়েছেন আরও একটি। তাতে বিপাকে পড়েছে নেপাল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে নেপালের সংগ্রহ ২৪ রান। শূন্য রানে উইকেটে আছেন সন্দীপ জোরা ও কুশল মাল্লা।
সেন্ট ভিনসেন্টে সোমবার ভোরে টস হেরে ব্যাটে নেমে শুরুটা একদমই ভালো হয়নি নাজমুল হোসেন শান্তর দলের। ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১০৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
জয়ের জন্য ১০৭ রানের লক্ষ্যে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে নেপালও। বল হাতে নিজের প্রথম ওভারেই ২ উইকেট তুলে নেন পেসার তানজিম হাসান সাকিব। ৪ রান করা কুশল ভুর্টেলের উইকেট তুলে নেয়ার এক বল বাদে শূন্য রানে ফেরান অনিল কুমার সাহকে।
নেপাল চাপে পড়লে হাল ধরার চেষ্টা করেন আসিফ শেখ। তবে তানজিদ হাসান তৃতীয় ওভারে নেপালের আরও একটি উইকেট তুলে নেন। ১ রানে ফেরান নেপালের অধিনায়ক রোহিতকে। পরের ওভারে ১৭ রান করা আসিফের উইকেটটি নেন মোস্তাফিজ।
ম্যাচে জয় পেলে নির্বিঘ্নে সুপার এইটে পা রাখবে টিম টাইগার্স। হেরে গেলে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে রানরেট, অন্য ম্যাচে ডাচরা যদি বড় ব্যবধানে লঙ্কানদের হারাতে পারে ঘটতে পারে বিপদ।








