ক্রিকেটে রেকর্ড ভাঙা-গড়া বেশ নিয়মিত ঘটনাই বলা চলে। তবে সাউথ আফ্রিকা যে রেকর্ডটি ভেঙেছে, সেটির স্থায়িত্ব ছিল ২৪ ঘণ্টারও কম। টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অল্প সংগ্রহে নির্ভর করে জয়ের রেকর্ড গড়েছে প্রোটিয়া দল।
নিউ ইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার আগে ব্যাটিংয়ে নামা সাউথ আফ্রিকা ৬ উইকেটে ১১৩ রানের সংগ্রহ পায়। জবাবে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি তুলতে পারেনি। তাতে হয়েছে নতুন রেকর্ড।
একই ভেন্যুতে রোববার পাকিস্তানের বিপক্ষে মাত্র ১১৯ রানে অলআউট হয়েও ৬ রানের নাটকীয় জয় তুলেছিল ভারত। লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ১১৩ রানে থামে বাবর আজমের দল। জয়ে ১০ বছর আগের রেকর্ড ছুঁয়েছিল টিম ইন্ডিয়া।
বাংলাদেশের মাটিতে হওয়া ২০১৪ বিশ্বকাপে ১১৯ রান করে জিতেছিল শ্রীলঙ্কা। প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে পেয়েছিল ৫৯ রানের বিশাল জয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়া ১০ বছর আগের সেই রেকর্ডে ভাগ বসিয়েছিল রোহিত শর্মার দল।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অবশ্য আরও অল্পরান তুলেও জয়ের নজির রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানে অলআউট হয়ে জয়ের স্বাদ পেয়েছিল জিম্বাবুয়ে।
২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ত্রিনিদাদে সেই ম্যাচে ক্যারিবীয়রা পুরো ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ৭৯ রানে আটকে যায়। টি-টুয়েন্টির ইতিহাসে অল্প সংগ্রহে নির্ভর করে জয়ের জিম্বাবুয়ের সেই রেকর্ড এখনো অক্ষত আছে।








