উইন্ডিজ বোলার সামনে খুব একটা বড় সংগ্রহ গড়তে পারেনি পাপুয়া নিউগিনি। স্বল্প সংগ্রহ নিয়েও বল হাতে লড়াই করেছিল তারা। তবে শেষ রক্ষা হয়নি। রোস্টন চেজের ঝড়ো ইনিংসে পিএনজিকে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা পেল ওয়েস্ট ইন্ডিজ।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে পিএনজিকে ৫ উইকেটে হারিয়েছে বিশ্বকাপের সহআয়োজক দেশটি। ঘরের মাঠে টসে জিতে পিএনজিকে আগে ব্যাটে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে তারা। জবাবে নেমে ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে ক্যারিবীয় দলটি।
পিএনজির দেয়া চ্যালেঞ্জ খুব একটা বড় না হলেও বেগ পোহাতে হয়েছিল উইন্ডিজের। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। জনসন চার্লস ফিরে যান গোল্ডেন ডাক মেরে। ৮.১ ওভারে নিকোলাস পুরান ফিরে যান। ২৭ বলে ২৭ করেন উইকেটরক্ষক ব্যাটার।
পরের ওভারেই ব্যান্ডন কিং আউট হন ২৯ বলে ৩৪ রান করে। অধিনায়ক রোভম্যান পাওয়েল দাঁড়াতে পারেননি।১৪ বলে ১৫ রান করেন। ৯৭ রানে শেরফান রাদারফোর্ড ফিরে যান ৭ বলে দুই রান করে। পরে আন্দ্রে রাসেলকে নিয়ে ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত করেন রোস্টন চেজ। চারটি চার ও দুটি ছক্কায় ২৭ বলে ৪২ রান করেন। আর ৯ বলে ১৫ রান করেন রাসেল।
পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদুল্লাহ ভালা দুটি উইকেট নেন।
এর আগে ক্যারিবীয় বোলারদের তোপে সুবিধা করে উঠতে পারেননি পিএনজি ব্যাটাররা। নিয়মিত বিরতিতেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তারা। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন সেসে বাউ। একপ্রান্ত আগলে রেখে ৪৩ বলে ৫০ রানের ইনিংস খেলেন। শেষের দিকে ১৮ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন কিপলিং ডোরিগা। এছাড়া অধিনায়ক আসাদুল্লাহ ভালা ২২ বলে ২১ রান করেন।
উইন্ডিজের হয়ে আন্দ্রে রাসেল ও আলঝারি জোসেফ দুটি করে উইকেট নেন। এছাড়া আকিল হোসেন, গুডাকেশ মোতি ও রোমারিও শেফার্ড একটি করে উইকেট নেন।








