ইনিংসের শুরুতে নেমে থেমেছেন ১৭তম ওভারে। প্রথম ১০ ওভারে ধুঁকলেও পরে চার-ছক্কায় পুষিয়ে দিয়েছেন অ্যারন ফিঞ্চ। ছয় ম্যাচ পর পেয়েছেন ফিফটির দেখা। অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়েছেন মার্কাস স্টয়নিসও, অস্ট্রেলিয়া পেয়েছে বড় সংগ্রহ। ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখানো আয়ারল্যান্ডের সামনে ১৮০ রানের চ্যালেঞ্জ ছুড়েছে স্বাগতিকরা।
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অ্যান্ডি ব্যালবির্নের দল। ডেভিড ওয়ার্নার দ্রুত ফিরলেও বাকিদের নিয়ে বড় সংগ্রহ আনেন ফিঞ্চ। ইনিংসের শেষ তিন ওভারে কেবল ২১ রান তুললেও সংগ্রহ পৌনে দুইশ পর্যন্ত গেছে।
সোমবার টস হেরে বাজে শুরু পায় অস্ট্রেলিয়া। ওয়ার্নারকে তৃতীয় ওভারে ফেরান ব্যার্রি ম্যাক্কার্থি। পরে তার পেস তোপে ফেরেন মিচেল মার্শ ও ফিফটি ছাড়ানো ফিঞ্চ। ৪ ওভারে খরচ করেছেন ২৯ রান। আইরিশদের হয়ে ২১ রানের বিনিময়ে দুটি উইকেট নিয়েছেন জশ লিটল।
দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি আনেন ফিঞ্চ-মার্শ। ২২ বলে ২৮ করে মার্শ ফিরলে একপাশ আগলে ঝড় তোলেন ফিঞ্চ। আইরিশ বোলাদের ছাড় দেননি মার্কাস স্টয়নিসও। শেষ পর্যন্ত ২৫ বলে তিন চার ও এক ছক্কায় ৩৫ রানে থামেন স্টয়নিস।
ফেরার আগে ফিঞ্চ ৪৪ বলে হাঁকান ৫টি চার ও ৩টি ছক্কা, করেন ৬৩ রান। অজি অধিনায়ক সবশেষ ফিফটি করেছিলেন অক্টোবরে, শেষ ৬ ম্যাচে ধুঁকছিল তার ব্যাট।
শেষদিকে টিম ডেভিডের ১০ বলে ১৫ ও ম্যাথু ওয়েডের ৭ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়া পায় বড় সংগ্রহ। আইরিশদের হয়ে সবচেয়ে খরুচে ছিলেন ফিওন হ্যান্ড, তার এক ওভারে ১৫ রান নিয়েছে অজি ব্যাটাররা। ৪ ওভারে ৫৯ রান দিয়ে উইকেটশূন্য মার্ক এডাইরের।








