বহু নাটকীয়তায় ঠাঁসা ২০ ওভারের বিশ্বআসরে কে হবে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ, তা নিয়ে কয়েকদিন চলল টানটান উত্তেজনা। সুপার টুয়েলভে সাকিব আল হাসানদের সঙ্গী হিসেবে আগেই নির্ধারিত হয়ে ছিল ভারত, পাকিস্তান ও সাউথ আফ্রিকা। বাকি থাকা দুটি দলের একটি মিলেছে, নেদারল্যান্ডস। যাদের বিপক্ষে অস্ট্রেলিয়া আসরে মিশন শুরু করবে টাইগাররা।
বাংলাদেশের গ্রুপে সুপার টুয়েলভের সরাসরি চার দলের সঙ্গে যোগ হয়েছে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের রানার্সআপ ডাচরা, এখন অপেক্ষা ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়নদের।
নেদারল্যান্ডসকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে বাছাই থেকে সুপার টুয়েলভের টিকিট কেটেছে শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তারা লড়বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপ রানার্সআপরা যোগ দেবে তাদের সাথে।
২৪ অক্টোবর হোবার্টে আসরে নিজেদের প্রথম ম্যাচে নামবে লাল-সবুজের দল। নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবদের খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়।
এ-গ্রুপে তিন ম্যাচে দুটি করে জিতে সমান ৪ পয়েন্ট সংগ্রহ করেছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। রানরেটের বিচারে এগিয়ে থাকায় শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন, ডাচরা রানার্সআপ। বিদায় নিশ্চিত হয়েছে একটি করে জয় তোলা নামিবিয়া ও আমিরাতের।







