সিডনি থেকে: বাংলাদেশ দল তো বটেই, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলার সুযোগ হয়নি সাকিব আল হাসানেরও। এ নিয়ে আক্ষেপ আছে টাইগার অলরাউন্ডারের। সাউথ আফ্রিকার বিপক্ষে এখানে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, মাঠের আয়তন ছাড়া কিছুই জানেন না তারা।
দুই দশকে ক্রিকেট অস্ট্রেলিয়ার আমন্ত্রণ না জানানোর বিষয়টি পোড়াচ্ছে পুরো বাংলাদেশকে। ভারতীয় সাংবাদিক সন্দিপন ব্যানার্জি চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে সরাসরিই বললেন, ‘এটি দুর্ভাগ্যজনক। বাংলাদেশ ক্রিকেট কর্তাদের উচিত এখানে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আয়োজনে অস্ট্রেলিয়াকে চাপ দেয়া।’
সিডনি ক্রিকেট গ্রাউন্ড অস্ট্রেলিয়ার ঐতিহাসিক এক ভেন্যু। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে খেলতে পারাই মর্যাদার বলছেন সাকিব। পাশাপাশি শুনিয়েছেন আক্ষেপের কথাও, ‘এই মাঠের এক দিকে ৭৫ মিটার আরেক দিকে ৬৮ মিটার- এটুকুই জানি। খুব ভালো একটা মাঠ।’
‘এই প্রথম প্রেস্টিজিয়াস এ মাঠে আমি এবং আমার দল খেলতে এলাম। যদিও আরও আগে খেলা উচিত ছিল বলে মনে করি। অবশেষে খেলতে পারছি এটা ভালো ব্যাপার। যদি মেলে ধরতে পারি, আমাদের দলের জন্য খুব বড় ব্যাপার হবে।’








