অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপ ম্যাচের কয়েকঘণ্টা আগে অজি দল পেয়েছে একাদশের গুরুত্বপূর্ণ সদস্যের এ সংবাদটি।
স্বাগতিক দলের একজন মুখপাত্র জাম্পার কোভিড টেস্টের ফল পজিটিভ এসেছে জানিয়েছেন। তার শরীরে মৃদু উপসর্গ রয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ। জাম্পার এ ম্যাচে খেলা নিয়ে সংশয় থাকছে। একাদশে থাকলে তাকে আলাদাভাবে মাঠে নামতে হবে। অন্য খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের সঙ্গে সংস্পর্শে আসা যাবে না। জাম্পা যদি না খেলেন, তাহলে একাদশে ঠাই পেতে পারেন অ্যাশটন অ্যাগার।
গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে করোনা আক্রান্ত হওয়ার পরও খেলেছিলেন আয়ারল্যান্ডের জর্জ ডকরেল। আইসিসির নতুন নিয়মে কোভিড আক্রান্ত হলেও খেলার বিধান রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ান সরকার মাসের শুরুতে করোনা আক্রান্তদের বাধ্যতামূলক আইসোলেশনে থাকার নিয়মটি বাতিল করেছে। গত বছর সংযুক্ত আরব আমিরাতে কঠোর বায়োবাবল মেনে যে টি-টুয়েন্টি বিশ্বকাপ হয়েছিল, অস্ট্রেলিয়ায় সেটি অনেকটাই শিথিল।








