সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আরব লীগের শীর্ষ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার জেদ্দায় পৌঁছেছেন। ২০১১ সালে সিরিয়ার সংঘাত শুরু হওয়ার পর দেশটিতে এটিই তার প্রথম সফর।
আজ শুক্রবার শুরু হওয়া এই শীর্ষ সম্মেলনে আসাদের উপস্থিতি, ১২ বছরের স্থগিতাদেশের পর এটাই সিরিয়ার প্রেসিডেন্টের প্রথম কোন সম্মেলনে যোগ দেয়া। এই সফর আরব নেতৃত্বের সাথে এক দশকেরও বেশি সময় ধরে চলমান উত্তেজনার পরে সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
২২ সদস্যের এই লীগ সম্প্রতি সিরিয়াকে তাদের সাথে যুক্ত করেছে। সিরিয়ার প্রেসিডেন্টকে গত সপ্তাহে শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল৷
গৃহযুদ্ধের সময় গণতন্ত্রপন্থী বিক্ষোভের ওপর নৃশংস দমন-পীড়নের অভিযোগে সৌদি আরব ২০১২ সালে আসাদ সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল। ওই সময় ৫ লাখেরও বেশি লোককে হত্যা এবং লক্ষ লক্ষ লোককে বাস্তুচ্যুত করার অভিযোগ করেছিল সৌদি৷ আর এ কারণেই সিরিয়াকে আরব লীগ থেকে বরখাস্ত করা হয়েছিল।







