প্রকাশিত হয়েছে সৈয়দ রিয়াজুর রশীদ -এর বাছাই গল্পের সংকলন “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়”। পানকৌড়ি প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এই গল্পগ্রন্থ ।
সৈয়দ রিয়াজুর রশীদের এই গল্পগ্রন্থে ছোটোগল্পসমুহের ক্যানভাস সমগ্র বাংলাদেশ ঘিরে বিস্তৃত। উঠে এসেছে এ জনপদের মানুষ, সংস্কৃতি, ইতিহাস, নৃতত্ত্ব, মিথ-পুরাণ-লোকায়ত পেশী; প্রতিফলিত হয়েছে সমাজ, অর্থনীতি, রাজনীতি ও মানুষের মানচিত্র।

এ ক্ষেত্রে রিয়াজের লেখার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রতিবিম্বিত হয় যে, বিষয় কিংবা বিষয়বস্তুর গতিপ্রকৃতি বৃত্ত থেকে অনন্ত বিন্দুর প্রতি যায় অর্থাৎ প্রত্যক্ষ ঘটনা সংগঠনের বিস্তারিত রূপ অনুভববিন্দুর দিকে অগ্রসর হয়। আখ্যান আছে অথচ আস্তরণও আছে আধুনিক গল্পধারার এই আলো-আঁধারি রিয়াজের প্রতিটি গল্পে প্রবল। ফলত কথাবস্তুর উপজীব্য উপাত্তগুলো নানামুখি মাত্রায় যে সংবেদনশীল পরিস্থিতি নির্মাণ করে অর্থাৎ সৃষ্টি এবং নির্মাণ এ দুটির সম্মিলন সৈয়দ রিয়াজুর রশীদ তার শিল্পে ঘটান।
পাশাপাশি অন্তর্জগতের অনুসন্ধান বিশ্লেষণি ভঙ্গিমায় করলেও অভিব্যক্তিতে স্পন্দিত রূপ নেয় সমসাময়িক বীক্ষণ। ফলে রিয়াজের শিল্পরূপে ধ্রুপদী কিংবা আধুনিকতার চেয়েও গুরুত্ব পায় উদ্বেলতা অথচ চরিত্র এবং ঘটনার প্রতি লেখকের শিথিল তাচ্ছিল্য।
প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন সোহেল আনাম। মূল্য রাখা হয়েছে ৪০০টাকা।








