মানহানির অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। একই সঙ্গে এ মামলার অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে আদালত।
রোববার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ’র আদালত তার জামিন মঞ্জুরের আদেশ দেন। সকাল পৌনে ১১ টায় তাপসী তাবাসসুম উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ওই আদেশ দেয়া হয়।
গত ৮ অক্টোবর জুলাইয়ের গণ অভ্যুত্থানে নিহত আবু সাঈদসহ অন্যদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটা পোস্ট দেন। সেখানে তিনি আবু সাঈদ, অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।








