ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। সিরিজটিতে ঝড় তোলা দূরে থাক, রানই পাচ্ছিলেন না। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতেই চিরচেনা রূপেই ফিরলেন তিনি। জাতীয় দলের জার্সিতে প্রথম ফিফটি করেছেন ১৮ বলে, সেইসঙ্গে গড়েছেন বিশ্বরেকর্ডও।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম ফিফটির রেকর্ড গড়লেন সূর্যবংশী। ১৫ বছর ১১৮ দিন বয়সে এই কীর্তি গড়েন তিনি। আগের রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৫ বছর ৩৪০ দিন বয়সে ফিফটি করেছিলেন। সেই রেকর্ড ভাঙলেন সূর্যবংশী।
পাশাপাশি শচীন টেন্ডুলকারের ৩৭ বছর আগের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হাফ সেঞ্চুরির রেকর্ডটি ছিল টেন্ডুলকারের। ১৯৮৯ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ফয়সালাবাদ টেস্টে ৫৯ রান করার সময় টেন্ডুলকারের বয়স ছিল ১৬ বছর ২১৩ দিন।
ফিফটির পর অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি সূর্যবংশী। পরের বলেই আউট হন ব্লেসিং মুজাবারানির বলে ব্রেড ইভান্সের হাতে ক্যাচ দিয়ে। ৪টি করে চার ও ছক্কায় ১৯ বলে ৫০ রানে শেষ হয় তার ইনিংস।
হারারেতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে সূর্যবংশীর ঝড়ে ৭ উইকেটে হার দেখে জিম্বাবুয়ে। আগে ব্যাটে নেমে স্বাগতিক জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রান করে। জবাবে নেমে ৪০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় ভারত।






