দেশের আকাশে দৃশ্যমান হবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ যা দেখা যাবে আগামীকাল (৫ নভেম্বর) বুধবার। এই সময় চাঁদ পৃথিবীর কক্ষপথে সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে, ফলে সেটি স্বাভাবিকের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখাবে।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, এবারের সুপারমুনে চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩৫৭ হাজার কিলোমিটারেরও কম দূরত্বে থাকবে। ফলে এটি সাধারণ পূর্ণিমার চেয়ে প্রায় ৮ শতাংশ বড় এবং ১৬ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, যখন পূর্ণিমার চাঁদ পৃথিবীর নিকটতম বিন্দুর প্রায় ১০ শতাংশ দূরত্বের মধ্যে আসে, তখনই ঘটে সুপারমুন। চাঁদের কক্ষপথ ডিম্বাকৃতি হওয়ায় এর দূরত্ব সময়ভেদে পরিবর্তিত হয়—কখনও কাছাকাছি আসে, আবার দূরে সরে যায়।
যেভাবে দেখা যাবে
দেশের আকাশে সূর্যাস্তের সময় পূর্ব দিগন্তে এই উজ্জ্বল চাঁদ উঠবে, যা দর্শনীয় এক দৃশ্য উপহার দেবে। সন্ধ্যা নেমে এলে চাঁদের আলো ক্রমে আরও উজ্জ্বল হয়ে উঠবে। এছাড়া, এই সুপারমুন পৃথিবীর প্রায় সব স্থান থেকেই দেখা যাবে। আকাশ মেঘমুক্ত থাকলে স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা থেকেই বিশ্বের যেকোনো জায়গা থেকে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যাবে।
চাঁদ দিগন্তের কাছাকাছি অবস্থান করলে মুন ইল্যুশন নামে একটি মনস্তাত্ত্বিক ঘটনার কারণে সেটি অস্বাভাবিকভাবে বড় মনে হয়। গাছপালা বা ভবনের মতো পারিপার্শ্বিক বস্তুর তুলনায় চাঁদকে বড় দেখায়—যদিও বাস্তবে এর আকার অপরিবর্তিত থাকে।







