প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দ্বীপ রোটায় ৫ মাত্রার শক্তিশালী হারিকেনের সমতুল্য সুপার টাইফুন ‘বাভি’ আঘাত হেনেছে। আবহাওয়া কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তায় এই ঝড় থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানায়।
মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা সংস্থা জানিয়েছে, আজ (৬ জুলাই) সোমবার আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে দ্বীপজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সুপার টাইফুন ‘বাভি’-এর কেন্দ্র রোটা দ্বীপের ওপর দিয়ে অতিক্রম করেছে। ঝড়ের সময় ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ মাইল বা প্রায় ২৯০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
রোটা মিউনিসিপাল অপারেশন সেন্টারের জনসংযোগ কর্মকর্তা লু রোসারিও জানান, প্রায় দেড় হাজার বাসিন্দার দ্বীপটিতে ইতোমধ্যে বহু মানুষ ঘরবাড়ি ও স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছেন। প্রবল বাতাস ও বন্যার কারণে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। ঝড়ের তাণ্ডবে একটি টেলিযোগাযোগ টাওয়ার ভেঙে পড়ায় দ্বীপের কয়েকটি এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে।
মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবার আবহাওয়াবিদ ল্যান্ডন আইডলেট এক অনলাইন ব্রিফিংয়ে বলেন, রোটা পুরোপুরি সুপার টাইফুনের কবলে পড়েছিল এবং সেখানে ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ মাইল বেগে বাতাস রেকর্ড করা হয়েছে। একই সময় টিনিয়ান দ্বীপ, গুয়ামের উত্তরাঞ্চল এবং সাইপানের দক্ষিণাঞ্চলেও ক্যাটাগরি-১ হারিকেনের সমতুল্য শক্তিশালী বাতাস বয়ে গেছে। তবে সুপার টাইফুন বাভি ধীরে ধীরে এলাকা ছেড়ে যাচ্ছে এবং পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে।
এর আগে আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছিল, ঝড়টি সরাসরি রোটায় আঘাত হানলে দ্বীপটির বড় অংশ কয়েক সপ্তাহ, এমনকি তারও বেশি সময় বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে।








