অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করছে বাংলাদেশ। দুই জয়ে সুপার সিক্স রাউন্ডে খেলার সুযোগ আনতে স্কটল্যান্ডের মেয়েদের ১২২ রানের লক্ষ্য দিয়েছে জুনিয়র টিম টাইগ্রেস। প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দেয়ার পর লড়াই করে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিল লাল-সবুজের মেয়েরা।
মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে বুধবার সকালে টসে জিতে সুমাইয়া আক্তারের দলকে ব্যাটে পাঠান স্কটিশ অধিনায়ক নিয়াম মুইর। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা ১২১ রান করতে পারে।
ব্যাটে নেমে শূন্য রানে আউট হয়ে ফিরে যান ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা। শুরুতেই চাপে পড়ে টাইগ্রেসবাহিনী। চাপ সামলা দেয়ার চেষ্টা করেন জুয়াইরিয়া ফেরদৌস ও ফাহমিদা ছোঁয়া। দুজনের ব্যাটে আসে যথাক্রমে ২০ ও ১৪ রান। কিন্তু নিয়মিত উইকেট হারাতে থাকলে শেষ পর্যন্ত বড় সংগ্রহের বাধা আসে বাংলাদেশের।
লাল-সবুজদের হয়ে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক সুমাইয়া আক্তার। আফিয়া আশিমা ইরার ব্যাট থেকে আসে ২১ রান।
স্কটল্যান্ডের হয়ে নায়মা শেখ ও মাইসি মেসিরা নেন দুটি করে উইকেট। গ্যাব্রিয়েলা ফন্টেনলা, অ্যামি বাল্ডি ও কার্স্টি ম্যাককল নেন একটি করে উইকেট।








