সেনাবাহিনীর সঙ্গে বিতর্কিত চুক্তির মাধ্যমে ক্ষমতায় পুনর্বহাল হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক।
স্থানীয় সময় রোববার সামরিক শাসনবিরোধী বিক্ষোভের মধ্যেই রাতে এক টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করে আবদাল্লাহ হামদককে গৃহবন্দি করেছিল। তবে অভ্যুত্থানের নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করেন তিনি। এরপর আবারও ক্ষমতায় ফিরে আসেন আবদাল্লাহ হামদক। কিন্তু বিক্ষোভকারীরা সেটি মেনে নিতে পারেননি। তাদের দাবি, পুরোপুরিভাবে বেসামরিক শাসন চালু করতে হবে।
টেলিভিশনে দেওয়া ভাষণে হামদক বলেন, সুদানের পরিস্থিতি বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে, যা দেশের সমগ্র অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।
দেশকে বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও জানান তিনি।







