এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতীয় সংসদ ভবনে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশ গঠনে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন অংশ নেন।
প্রধানমন্ত্রী এ সময় শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।

প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সরকারপ্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তার সঙ্গে সেলফিও তোলেন তারা।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। এছাড়া তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রমও প্রত্যক্ষ করেন।








