শাহবাগ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা আজকের মতো সরে গেছেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ২০১৮ সালে কোটা বাতিলের প্রজ্ঞাপনকে পুনর্বহালসহ চার দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধের পর বিকেলে অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৩ জুলাই) বিকেলে শিক্ষার্থীরা আজকের মতো আন্দোলন স্থগিত করে শাহবাগ ত্যাগ করেন। এর আগে দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী।
এসময় শিক্ষার্থীরা বলেন, আজকের মত আমাদের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় আবার শুরু হবে কোটা বিরোধী আন্দোলন।
কোটা বাতিল নিয়ে হাইকোর্টের রায় পুরো ছাত্রসমাজের সঙ্গে প্রহসন। ২০১৮ সালের পরিপত্র আবার বহাল করতে। সেই সঙ্গে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর সকল কোটা বাতিল করার পক্ষে পুনরায় দাবি জানিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের চার দফা দাবি
১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা।
২. পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে (সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত)।
৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে।
৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।








