মুক্তির ১ মাসেরও বেশি সময় পার করে ফেলেছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওয়ের ছবি ‘স্ত্রী ২’, তবুও যেন বক্স অফিস দাপট কমছে না ছবিটির। একের পর এক রেকর্ড ভেঙ্গেই চলেছে এই ছবি।
এবার শুধুমাত্র ভারতেই ৫৮৬ কোটি রুপি আয় করে ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’র রেকর্ড ভাঙলো ছবিটি। প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস নিশ্চিত করেছে যে, ‘স্ত্রী ২’ ছবিটি ভারতে ‘সর্বকালের এক নম্বর হিন্দি ছবি’ হয়ে উঠেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এক্স-এ গিয়ে ছবির একটি পোস্টার শেয়ার করা হয়েছে, যেখানে স্পষ্ট ছবিটি শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির হিন্দি ভার্সনের লাইফটাইম কালেকশনকে ছাপিয়ে গেছে।
পোস্টারে লেখা ছিল, ‘ভারতীয় বক্স অফিসের সর্বকালের সেরা এক নম্বর হিন্দি ছবি!’ ক্যাপশনে লেখা, ‘ওহ স্ত্রী হ্যায় অউর উসনে আখির কর দিখায়া… হিন্দুস্তান কি সব সে সর্বশ্রেষ্ঠ (তিনি স্ত্রী এবং তিনি অবশেষে করে দেখালেন করেছেন … ভারতের সর্বকালের এক নম্বর হিন্দি ছবি)’। যেহেতু এখনও সফলভাবে সিনেমা হলে চলছে ‘স্ত্রী ২’। সুতরাং, ছবির আয়ের অঙ্ক আরও বাড়বে।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওয়ের ‘স্ত্রী ২’ ভারতীয় বক্স অফিসে ৫৮৬ কোটি রুপি আয় করেছে। তিনি তার এক্স অ্যাকাউন্টে খবরটি নিশ্চিত করেছেন। ছবির একটি পোস্টার শেয়ার করে তিনি লেখেন, ‘স্ত্রী টু ইতিহাস গড়ল… সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হয়ে ওঠে… জওয়ানের আয়কে ছাপিয়ে গেল। পরবর্তী ধাপ ৬০০ কোটির ক্লাব। তিনি জানান, প্রথম হিন্দি ছবি হিসাবে হয়ত খুব শিগগির ৬০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলবে এই ছবি।
গেল বছর মুক্তি পেয়েছিল অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিটি। যেটি শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে হিট ছবি। ছবিতে শাহরুখ খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। দেখা মিলেছে নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, প্রিয়ামণি ও সানিয়া মালহোত্রার মতো অভিনেতাদের।
অন্যদিকে অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’-এ বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমারের ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল স্ত্রী, ছবির সিক্যুয়েল ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। সেই প্রত্যাশা ছাপিয়ে যেতে সক্ষম হয়েছেন শ্রদ্ধা, রাজকুমার পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানারা। – ইন্ডিয়ান এক্সপ্রেস








