প্রেমের টানে শ্রীলংকার এক তরুণী (২৭) ফেনীর দাগনভূঞা উপজেলায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, দাগনভূঞা উপজেলার ৪ নং রামনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আজিজ ফাজিলপুর সদর উদ্দিন কন্ট্রাক্টর বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ ইয়াছিনের ছেলে এজাজ আহমেদ শিহাবের সঙ্গে শ্রীলঙ্কার নাগরিক ইশারা মাট্টির পরিচয় হয় ওমানে। দু’জনই ওমানের একটি টেক্সটাইল কোম্পানিতে কর্মরত ছিলেন।
‘একসঙ্গে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন বছর সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে ওমানে বিয়ের আনুষ্ঠানিক ব্যবস্থা না থাকায় তারা নিজ নিজ দেশে ফেরার সিদ্ধান্ত নেন।’
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশে পা রাখেন ইশারা মাট্টি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে আসেন দাগনভূঞায় শিহাবের বাড়িতে। তার নতুন নাম রাখা হয় জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৭)। এরপর পারিবারিক ও ধর্মীয় রীতি মেনে ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ভিনদেশি বধূকে বরণ করে নিতে কার্পণ্য করেনি শিহাবের পরিবার। বাড়িতে আসার পর ইশারা মাট্টি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, ভিন্ন সংস্কৃতি ও দেশের মানুষ হওয়া সত্ত্বেও কেবল ভালোবাসার টানে জান্নাতের এই সাহসী পদক্ষেপ দৃষ্টান্ত হয়ে থাকবে। বর্তমানে জান্নাতুল ফেরদৌস জান্নাত তার শ্বশুরবাড়িতে বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন। ভিনদেশি পুত্রবধূকে পেয়ে খুশি শিহাবের পরিবার ও আত্মীয়-স্বজনরাও।
এজাজ আহমদ শিহাব বলেন, ‘ওমানে থাকা অবস্থায় আমাদের প্রেমের সম্পর্ক ছিল। সেখানের আইনে বিয়ে সম্ভব নয় বিধায় আমরা দেশে এসে বিয়ে করেছি। সে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছে। তার পরিবার ও আমার পরিবার বিষয়টি অবগত রয়েছে। সে আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে।’








