আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে নকআউট পর্বে খেলতে ব্যর্থ হচ্ছে শ্রীলঙ্কা। ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে লঙ্কানরা হতাশ করেছে। চলতি টি-টুয়েন্টি বিশ্বআসরে গ্রুপপর্বে বিদায়ঘণ্টা বেজেছে। টানা ব্যর্থতার মাঝে ব্যক্তিগত কারণ দেখিয়ে দ্বীপ দেশটির হেড কোচের পদ ছাড়লেন ক্রিস সিলভারউড।
একদিন আগে কনসালটেন্ট কোচের পদ থেকে পদত্যাগ করেন মাহেলা জয়াবর্ধনেও। লঙ্কান কিংবদন্তির মেয়াদকালে জাতীয় দলের ইকোসিস্টেম এবং হাই-পারফরম্যান্স সেন্টারের কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছিল। জয়াবর্ধনের পর সিলভারউডের সরে যাওয়ার সিদ্ধান্ত এশিয়ার দেশটির ক্রিকেটে বড় ধাক্কা।
পদত্যাগ প্রসঙ্গে বিবৃতিতে সিলভারউড বলেছেন, ‘আন্তর্জাতিক কোচ হওয়া মানে প্রিয়জনদের থেকে দীর্ঘসময় দূরে থাকা। পরিবারের সাথে দীর্ঘ আলোচনার পর মনে করছি এখনই আমার বাড়ি ফেরার সময় এবং পরিবারের সঙ্গে সময় কাটানো প্রয়োজন।’
‘আমি খেলোয়াড়, কোচ, ব্যাকরুম স্টাফ এবং এসএলসির (শ্রীলঙ্কা ক্রিকেট) ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। শ্রীলঙ্কায় থাকার সময়ে তাদের সমর্থন ছিল অসাধারণ। সমর্থন ছাড়া, কোনো সাফল্য সম্ভব হতো না।’
সাবেক ইংলিশ পেসারকে ২০২২ সালের এপ্রিলে হেড কোচ হিসেবে লঙ্কান ক্রিকেট বোর্ড নিয়োগ দিয়েছিল। তার অধীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ এবং বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে টেস্ট সিরিজ জিতেছে। গতবছর ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের ফাইনালিস্টও ছিল।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা বলেছেন, সিলভারউড চুক্তি আরও বাড়ানোর বিষয়ে বোর্ডের অভ্যন্তরীণ আলোচনার আগে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছিলেন। হেড কোচের পদের জন্য এসএলসি বিজ্ঞপ্তি জারি করবে। বোর্ড স্থানীয় কোচদের এ পদের জন্য বিবেচনা করছে।







