ফাগুনের প্রথম দিন ১৪ ফেব্রুয়ারি, যা বিশ্ব ভালোবাসা দিবস হিসেবেও উদযাপিত হয়, সেই দিনটিকেই ঘিরে বসন্ত উৎসব মিশে যাবে ভালোবাসার রঙে। জাতীয় সংসদ নির্বাচন শেষে ভিন্ন এক আবহে এবার উদযাপিত হতে যাচ্ছে বসন্ত।
বাংলা পঞ্জিকা অনুযায়ী ১ ফাল্গুন উপলক্ষে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষৎ আয়োজন করছে ৩২তম ‘বসন্ত উৎসব-১৪৩২’। আগের বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠান হলেও এবার তা অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে।
১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের সমবেত যন্ত্র ও কণ্ঠসংগীতের মাধ্যমে উৎসবের সূচনা হবে। দিনভর থাকবে নৃত্য ও সংগীত দলের পরিবেশনা, একক সংগীত ও আবৃত্তি, শিশু-কিশোর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণ। পাশাপাশি বসন্ত কথন, প্রীতি বন্ধনী ও আবির বিনিময়ের আয়োজনও থাকছে।
বসন্ত কথন পর্বে সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমদ। বক্তব্য রাখবেন সহ-সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
উৎসবে অংশ নেবে রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগীত ও নৃত্যদল। একক সংগীতে থাকছেন ফাহিম হোসেন চৌধুরী, সুচি দেবনাথ, অনিমা রায়সহ অনেকে। আবৃত্তি পরিবেশন করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যয়, বেলায়েত হোসেন ও নায়লা তারাননুম চৌধুরী কাকলি। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন নায়লা তারাননুম চৌধুরি কাকলি ও আহসান দিপু।








