বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার দেয়া ৪২৯ রানের বিশাল চ্যালেঞ্জের সামনে একেবারে ভেঙে পড়েনি শ্রীলঙ্কা। রানপাহাড়ে চাপা পড়লেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে দাসুন শানাকার দল। বিশ্বকাপের রেকর্ড সংগ্রহকে টপকাতে না পারলেও পরের ম্যাচগুলোতে লড়াই করার রসদ এই ম্যাচ থেকেই নিতে পেরেছে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। এমন মনে করছেন লঙ্কান অধিনায়ক।
ম্যাচ শেষে ৩২ বর্ষী অধিনায়ক বলেছেন, ‘আমি আগেই ধারণা করেছিলেন এটি হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে। রসি, কুইনি, মার্করাম দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। আমরা বাজে বল করেছি, বলের লাইন-লেন্থ অনেকাংশেই ঠিক ছিল না। পরিকল্পনাও কাজে আসেনি। পরের ম্যাচে এসব মাথায় নিয়ে মাঠে নামতে হবে।’
‘আমাদের আশা ছিল ৩৫০-৩৭০ রানে তাদের আটকাতে পারব। যা আমরা তাড়া করতে পারতাম বলেই মনে হয়। আসালঙ্কা ও মেন্ডিসের দারুণ ফর্মের জন্য এই রান তাড়া করা অসম্ভব হতো না বলেই মনে হয়। তাছাড়া তিনজন মূল বোলারকে না পেয়ে সবকিছু সামলানো বেশ কঠিন ছিল। কিন্তু এটি খেলারই অংশ। ব্যাট হাতে আমরা যেমন ইতিবাচক ছিলাম, তাতে আমি খুশি। পরের ম্যাচের জন্য আমাদের আরও আক্রমণাত্মক হওয়া দরকার।’
শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নেমে ৫ উইকেটে ৪২৮ রানের বড় সংগ্রহ গড়ে সাউথ আফ্রিকা। জবাবে নেমে ৩২৬ রানে থামে শ্রীলঙ্কা। ১০২ রানে হারে লঙ্কান দলটি।







