আট দলের অংশগ্রহণে শুরু ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। গ্রুপপর্বের লড়াই শেষে বিদায় নিয়েছে চার দল। আসরের দ্বিতীয় সেমিফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় প্রোটিয়াদের বিপক্ষে নামবে কিউইরা। দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যান কী বলছে।
মুখোমুখির দীর্ঘ পরিসংখ্যানের দিকে তাকালে জয়ের পাল্লা ভারি সাউথ আফ্রিকার। ৭২ ওয়ানডেতে প্রোটিয়াদের ৪২ জয়ের বিপরীতে কিউইরা জিতেছে ২৬টিতে। বাকি ৫ ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়া। টাই হয়নি কোনো ম্যাচ।
২৬ জয়ের মধ্যে ১৭ ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে সাউথ আফ্রিকা। প্রতিপক্ষের মাঠে ১২ ও নিরপেক্ষ ভেন্যুতে ১৩ জয় আছে টেম্বা বাভুমাদের। অন্যদিকে, নিউজিল্যান্ড নিজেদের মাটিতে জিততে পেরেছে ১২ ম্যাচ। ৫ ম্যাচ সাউথ আফ্রিকার মাঠে এবং নিরপেক্ষ ভেন্যুতে ৯ জয় আছে মিচেল স্যান্টনারদের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে সাউথ আফ্রিকার সঙ্গে ২ বার দেখা হয়েছে নিউজিল্যান্ডের। দুদলেরই জয় একটি করে। ২০০৬ আসরে কিউইরা ৮৭ রানে জিতেছে। ২০০৯ আসরে ৫ উইকেটে জিতেছে প্রোটিয়ারা। প্রতিযোগিতায় নিউজিল্যান্ড ২০০০ সালে চ্যাম্পিয়ন হলেও প্রোটিয়াদের ঝুলিতে কোনো শিরোপা নেই। বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। ৯ ম্যাচে তাদের ৬ জয়ের বিপরীতে প্রোটিয়াদের জয় ৩টিতে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে একই মাঠে সাউথ আফ্রিকার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। সেখানে ৬ উইকেটে জিতেছিল স্যান্টনার বাহিনী। সিরিজের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। দুদলের সর্বশেষ পাঁচ দেখায় ব্ল্যাক ক্যাপসদের জয় ৩টিতে, প্রোটিয়াদের ২টিতে।
‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশ ও পাকিস্তান হারালেও ভারতের কাছে হেরে রানার্সআপ হয়ে সেমিতে উঠেছে নিউজিল্যান্ড। অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে ইংল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে জয় পেলেও বৃষ্টির কারণে অজিদের সঙ্গে পয়েন্ট ভাগ করতে হয়েছে গ্রুপসেরা প্রোটিয়াদের। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমির টিকিট কাটেন বাভুমারা।








