বার্জে ফর্মের কারণে আগের ম্যাচেই মোহামেডানের একাদশ থেকে বাদ পড়েছিলেন সৌম্য সরকার। কোথাও রান করতে না পারা বাঁহাতি ওপেনার জ্বলে উঠলেন ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেললেন ১০২ রানের ইনিংস। তাতে ২৯৮ রান তাড়া করে ৪ উইকেটের দুর্দান্ত জয় পেল সাদা-কালো শিবির।
সেঞ্চুরিসহ সৌম্য ১১ ইনিংসে করেছেন ২৯৩ রান। বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জের সাব্বির রহমানও জ্বলে ওঠেন। ৯০ বলে খেলেন ৮২ রানের ইনিংস। আগের ম্যাচে সেঞ্চুরি করা ইরফান শুক্কুর ৭৮ রানে অপরাজিত থাকেন। দুই ফিফটিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে রূপগঞ্জ।
জবাবে সৌম্য ও রুবেল মিয়া ১৮১ রানের ওপেনিং জুটি গড়েন। তারপরও কেবল ১ বল হাতে রেখে জয় পায় মোহামেডান।
সৌম্য ১১২ বলে চারটা ছয়, সাতটি চার মারেন। রুবেল ৯০ বলে করেন ৮৭ রান। দুজনের বিদায়ের পর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে মোহামেডান। অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ৪২ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে এনে দেন জয়।








