গত বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বন্যার্ত ফেনীবাসী। একই সঙ্গে মোবাইল নেটওয়ার্কও নেই। এতে পরিবার-পরিজন কোথায় আছেন, কেমন আছেন, সেই খোঁজখবরটুকুও নিতে পারছেন না অনেকে। তেমনি একজন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত শ্রোতাপ্রিয় শিল্পী পুতুল।
ফেনীতে থাকা তার ভাই ও বোনের সাথে যোগাযোগ করতে পারছিলেন না বলে শুক্রবার (২৩ আগস্ট) জানান পুতুল। কোনোভাবেই খোঁজ না পেয়ে বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। পরে ভাইয়ের খোঁজ পেলেও বোনের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিলেন না।
রবিবার বোনের পরিবারেরও খোঁজ পেলেন পুতুল। সঙ্গে সঙ্গে সেটাও জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এদিন পুতুল জানান, “সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমার বোনের পরিবারের খোঁজ পেয়েছি। ঠিকানা এখনো জানি না যদিও; তবে ঠিকঠাক আছে জেনেছি। খাবার পানির সঙ্কটে আছে। যা হোক, বেঁচে আছে এটাই বড় কথা।”
পুতুল লিখেন, “৩/৪ দিনের চেষ্টার পর ওদের খুঁজে বের করার মতো অসাধ্য সাধন করেছে লুপস সরকার আপু৷ এসময় তাকে ধন্যবাদও জানান তিনি।
ভাই-বোনদের খোঁজ পেতে সহায়তা করেছেন অনেকে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই সংগীতশিল্পী লিখেন,”যারা খোঁজ করার চেষ্টা করে যাচ্ছেন গত কয়েকদিন, ফোনে বা মেসেজে প্রতিনিয়ত জানতে চেয়েছেন আপডেট আপনাদের সবার প্রতি ঋণী রইলাম। যারা আমার পোস্টগুলো শেয়ার করে ছড়িয়ে দিতে চেয়েছেন তাদের প্রতি ভালোবাসা। যারা দূর থেকে প্রার্থনা করেছেন কৃতজ্ঞতা তাদের প্রতিও।”
এসময় বন্যার্ত মানুষের সহমর্মি হওয়ার আহ্বান পুতুল। লিখেন, “বাংলাদেশ এই সঙ্কট কেটে উঠুক, বন্যার্ত মানুষগুলোর প্রতি সবাই সহমর্মি হই। কী অবর্ণনীয় কষ্টে তারা আছে তা ডাঙায় থাকা মানুষের পক্ষে বোঝা অসম্ভব।”







