রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাটা বাংলাদেশ দলের জন্য এখনও দারুণ এক সুখস্মৃতি। ঘরের মাঠে গতবছর একই প্রতিপক্ষের সঙ্গে টাইগাররা জিতেছে টি-টুয়েন্টি সিরিজও, দুই মাস আগে জিতেছে ওয়ানডে। এবার দেশের মাটিতে টেস্ট জয়ের প্রত্যাশা টাইগারদের।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ডাচ-বাংলা ব্যাংক দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বুধবার সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের কোচ ফিল সিমন্স। দলের প্রতি প্রত্যাশার চাপ ড্রেসিংরুমের বাইরে রাখার পরিষ্কার বার্তা দেন তিনি।
‘আমার মনে হয় প্রত্যাশার ৯৫ শতাংশের বেশি ড্রেসিংরুমের বাইরে। আমার মনে হয় আপনারা, সাধারণ মানুষ এবং সবার প্রত্যাশা আমাদের ড্রেসিংরুমের চেয়ে অনেকবেশি। আমরা প্রস্তুতি নেই এবং খেলার দিকে তাকিয়ে থাকি। গত সিরিজের প্রত্যাশা আমাদের সাহায্য করে না। তাই আমরা ওসব ড্রেসিংরুমের বাইরেই রাখার চেষ্টা করি। আমার মনে হয় চাপটা ভেতরে চেয়ে বাইরেই বেশি।’
সকালে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসা পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি বলে যান, আগের বাংলাদেশ ও পাকিস্তান টেস্ট সিরিজে মুখোমুখির ঘটনা অতীত। এ প্রসঙ্গে সিমন্স বললেন সেটি এখন ইতিহাস।
সিমন্স বলেছেন, ‘ওটা ইতিহাস। সেই ইতিহাস শেষ হয়ে গেছে। এখন ইতিহাস নিয়ে কথা বলছেন। আমরা নতুন ইতিহাস গড়তে চাই, তাই আমরা শুক্রবারের দিকে তাকিয়ে আছি এবং দেখি কী হয়। তখন কী হয়েছিল তাতে কিছু যায় আসে না।’
‘হ্যাঁ, আগের ম্যাচ জেতার স্মৃতি মনে রাখলে ভেতর থেকে একটা অনুপ্রেরণা পাওয়া যায়, কিন্তু এটি একটি নতুন ম্যাচ, নতুন জায়গা। আমরা এখন বাংলাদেশে আছি, পাকিস্তানে নয়। তাই ওইসব বিষয় পেছনে ফেলে আমাদের নিশ্চিত করতে হবে যেন শুক্রবারের দিকে মনোযোগ দেই।’








