কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ।
তিনি বলেছেন: এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডটি ছিল কন্ট্রাক্ট কিলিং। এই হত্যার অর্থ এবং নির্দেশদাতা ছিলেন আখতারুজ্জামান শাহীন।
বুধবার (৫ জুন) সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন শিমুল ভুঁইয়া।
দুই দফায় ১৩ দিনের রিমান্ড শেষে আজ বুধবার তাকে আদালতে হাজির করে ডিবি। স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হলে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার মাহফুজুর রহমান।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে তার জবানবন্দি রেকর্ড করেন। পরে শিমুলকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় জবানবন্দিতে শিমুল বলেন, আখতারুজ্জামান শাহীনের নির্দেশে তিনি টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ড বাস্তবায়ন করেন। আনারকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে টুকরো টুকরো করেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।








