শেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৬৯) ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল সীমান্তে আটক হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বলে জানা গেছে। তিনি জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, অ্যাডভোকেট চন্দন কুমার পালকে শেরপুরে আনার জন্য জেলা পুলিশের একটি টিম যশোরের পথে রওয়ানা হয়েছে।
পুলিশের সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে চন্দন পালের বিরুদ্ধে অন্তত চারটি মামলা রয়েছে। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর সময় চন্দন পালও আত্মগোপনে চলে যান। তারপর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।








