বিসিএল দ্বাদশ আসরে লিগপর্বে সাউথ জোনের বিপক্ষে হার দেখেছিল সেন্ট্রাল জোন। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় দলটি, ইস্ট জোনের বিপক্ষে বড় জয় তুলে নেয়। লিগপর্বে তৃতীয় ও শেষ ম্যাচেও ধারাবাহিক দলটি, নর্থ জোনের দেয়া তিন শতাধিক রান টপকে ফাইনালের টিকিট কেটেছে মাহিদুল ইসলাম অঙ্কনের দল।
আগামী ৩ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শিরোপা মহারণে নর্থ জোনের মুখোমুখি হবে তারা। লিগপর্বের প্রথম দুই ম্যাচে জিতে রানরেটে এগিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল খেলবে নাজমুল হোসেন শান্তর দল। আসরে অংশ নেয়া ইস্ট জোন তিন ম্যাচে এক জয় নিয়ে টেবিলের তিনে, সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে চারে সাউথ জোন।
শনিবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে নর্থ জোন। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ৩২২ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৪ বল হাতে রেখে ২ উইকেটে জয় তুলে নেয় সেন্ট্রাল জোন।
নর্থ জোনের হয়ে সেঞ্চুরি করেছেন তাওহীদ হৃদয়। ৮ চারে ১১৩ বলে ১০২ রান করেন হৃদয়। ৯ চার ও ৪ ছক্কায় ৯২ বলে ৯২ রান করেন তানজিদ হাসান তামিম। ৩ চার ও ৫ ছক্কা ৫১ বলে ৭৩ রান করেন সাব্বির রহমান। এছাড়া আকবর আলি ২২ রান এবং রিশাদ হোসেন ১০ রান করেন।
সেন্ট্রাল জোনের হয়ে আবু হায়দার রনি ৪ উইকেট নেন। রিপন মণ্ডল ২টি এবং তাসকিন আহমেদ নেন ১ উইকেট।
রানতাড়ায় নেমে সেঞ্চুরি করেন জিসান আলম। ১৬ চার ও ৫ ছক্কায় ৯৩ বলে ১২৭ রান করেন জিসান। ১টি করে চার ও ছক্কায় ৮১ বলে ৫৪ রান করেন মাহফিজুল ইসলাম রবিন। শেষ দিকে ৪টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্ক ৩৯ বলে ৩৯ রান করেন।
নর্থ জোনের হয়ে রিশাদ হোসেন ৩ উইকেট নেন। এসএম মেহেরব হোসেন ও শরিফুল ইসলাম নেন দুটি করে উইকেট।








