শামীম হোসেন পাটোয়ারীকে টি-টুয়েন্টি থেকে বাদ দেয়ায় শুরু হয়েছিল বিতর্ক। সরাসরি নির্বাচকদের সঙ্গে মতবিরোধ সামনে এনেছিলেন অধিনায়ক লিটন দাস। রান না পাওয়ায় বাদ পড়া শামীমকে দলে অন্তর্ভুক্ত করা হল। তবে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়নি কাউকে। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।
চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চলছে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। একটি করে জয়-পরাজয়ে ১-১তে সমতায় আছে দুদল। মঙ্গলবার সিরিজ নির্ধারণী লড়াইয়ে সফরকারীদের মুখোমুখি হবে লিটনের দল।
শেষ ম্যাচের আগে দলে ফিরে একাদশেও জায়গা পেতে পারেন শামীম। দুই বাঁহাতি ওপেনারের পর বাংলাদেশের ব্যাটিং লাইনআপে আর বাঁহাতি নেই। ডানহাতি-বাঁহাতি সমন্বয়ের জন্য ২৫ বর্ষী বাঁহাতিকে একাদশে ডাকা হতে পারে।
বাংলাদেশ টি-টুয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন পাটোয়ারী।







