২০২৬ সালের ঈদুল ফিতরে শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের একটি সিনেমার ঘোষণা দিয়েছেন নতুন প্রযোজক শিরিন সুলতানা। তবে শুটিং শুরু হওয়ার আগেই দেখা গেল, তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে।
জানা যায়, নতুন প্রযোজকদের সিনেমা নির্মাণে নানা ধরণের প্রশাসনিক ও বাস্তব প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। সেই জটিলতা নিরসনে আগেভাগেই সরকারের সংশ্লিষ্ট মহলকে অবহিত করার উদ্দেশ্যেই এই সাক্ষাৎ।
সাক্ষাতে সিনেমা নির্মাণ ও মুক্তির সময়ের সম্ভাব্য বাধা, পাইরেসি ও নিরাপত্তা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
২০২৬ সালের ঈদুল ফিতরে নিজের প্রথম প্রযোজিক সিনেমায় শাকিব খানকে চুক্তিবদ্ধ করিয়েছেন শিরিন সুলতানা। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ক্রিয়েটিভ ল্যান্ড। গেল মাসের শেষে এই সিনেমায় চুক্তিবদ্ধ হন শাকিব।
সিনেমার নাম চূড়ান্ত না হলেও প্রযোজনা প্রতিষ্ঠানসূত্রে জানা যায়, নব্বই দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছেন বহু কুখ্যাত নাম, এ নিয়ে আছে নানা মিথ। সেই সময়ের কিছু ঘটনা উঠে আসবে শিরিন সুলতানা প্রযোজিত শাকিব খানের আগামী ঈদের এই সিনেমায়।
এটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ, আড়াই শতাধিক নাটকের পরিচালক প্রথমবারের এই এর মাধ্যমে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। অ্যাকশন, থ্রিলার নির্ভর এ সিনেমার শুটিং হওয়ার কথা আছে চলতি বছরের শেষের দিকে।
মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটি প্রসঙ্গে কিছু জানাতে চাননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। শুধু বলেন, এটা হবে অ্যাকশন ফিল্ম, যেটি দর্শক লার্জার দ্যান লাইফ হিসেবে বিগস্ক্রিনে দেখতে পাবেন।








