চার দেয়ালের মাঝে বন্দী শাকিব খান। বিমর্ষ চেহারা, ছোট ছোট চুল, গায়ে ময়লা বাদামী রঙের জামা, পরনে নীল প্যান্ট; যেখানে ধুলোবালি লেগে আছে। তার হাত, পা কিংবা চেহারায় ময়লা এবং নির্যাতনের ছাপ! চোখে মুখে রাজ্যের ক্ষুধা! স্টিলের প্লেটে খাবার খাচ্ছেন আর কাঁদছেন!
গ্ল্যামারার্স তারকা ইমেজ ভেঙে গেল ঈদুল আযহায় এমন গেটআপে ‘তাণ্ডব’ সিনেমায় হাজির হয়েছিলেন শাকিব। যে লুকে তাকে পুরোপুরি অভিনেতা হিসেবে দেখা গিয়েছিল। রায়হান রাফী পরিচালিত শাহরিয়ার শাকিল প্রযোজিত ‘তাণ্ডব’ যারাই দেখেছেন, তারাই শাকিবের দুর্দান্ত অভিনয়ের তারিফ করেছেন।

শাকিবের এই ছবিগুলো রবিবার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছে, যা দিনভর চলচ্চিত্র প্রেমী এবং বিভিন্ন গ্রুপ ও পেইজে ভাইরাল হয়েছে! এরপর থেকে এই নায়কের ভক্তদের পাশাপাশি সমালোচকরাও শাকিবের প্রশংসা করছেন।
শাকিবের খানের এই ছবি পোস্ট করে জনপ্রিয় উপস্থাপক ও চিত্রপরিচালক দেবশীষ বিশ্বাস লিখেছেন, ‘আপনি বেঁচে থাকুন! শতবর্ষী হোন! আপনার মাধ্যমে বাংলাদেশী সিনেমা বেঁচে থাকুক।’
সাড়া জাগানো সিনেমা ‘বরবাদ’-এর পরিচালক মেহেদী হাসান হৃদয় লিখেছেন, ‘যখন শাকিব খান পর্দায় আসেন, তখন তিনি শুধু অভিনয় না বরং আধিপত্য বিস্তার করেন। তার উপস্থিতি সবকিছু ছাপিয়ে যায়। আমাদের মেগাস্টার শাকিব খানকে স্যালুট জানাই।’

অনলাইনে চলচ্চিত্র সমালোচক আমিনুল ইসলাম শাওন লিখেছেন, ‘শাকিব খান আসলে শুধুমাত্র একজন অভিনেতাই না, হি ইজ দ্য গড অব অল এক্টর্স। হি ইজ দ্য আল্টিমেট মেগাস্টার অফ সাব কন্টিনেন্ট। তোমরা হিন্দি ছবির কথিত নায়কদের নিয়ে মাতামাতি করতে পারো, বরং আমি তাদেরকে বলবো শাকিব কে দেখে শেখো। ৩০ দিনে ছবি শেষ করার পরেও এমন নিখুত পারফরম্যান্স কে করতে পারবে? শাকিব খানকে নিয়ে গর্বিত হওয়াটাই গর্বের বিষয়। শাকিব খান অনবদ্য।’

এমডি রাফী নামে আরেকজন লিখেছেন, ‘এই লেভেলের অভিনয় কি সবাই পারে? যতবার দেখি, ততবার অবাক হই একজন মানুষ কতটা ডেডিকেটেড হলে এমন পারফরম্যান্স দেওয়া সম্ভব! উনার প্রতিটা দৃশ্যে যে আত্মনিয়োগ, তা যেন একেকটা জীবন্ত মুহূর্ত! এমন ন্যাচারাল অভিনয়, ইমোশন ক্যারি করা এটা শুধু অভিজ্ঞতা নয়, এটা একপ্রকার শিল্প!’
মোহাম্মদ মাহিম নামে একজন লিখেছেন, ‘প্রতিটি চরিত্রে যার চোখেই কথা বলে, মুখে থাকে গল্প, আর শরীরী ভাষায় থাকে এক অনন্য ক্যারিশমা তাকেই বলে ‘বর্ন অ্যাক্টর’, শাকিব খান তেমনই একজন অভিনেতা।’
শিউলি রায় লিখেছেন, ‘ওনার ফ্যান ছিলাম কিন্তু উনি এখন যেসব সিনেমা করছে, তার ফ্যান হতে বাধ্য হয়েছি।’









