ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নাম প্রত্যাহার করে নেয়ার কারণ জানালেন সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর মিরপুরে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেন, ‘অবশ্যই ভালো একটা সুযোগ ছিল বিশ্বকাপের বছরে ভারতে খেলতে যদি যেতে পারতাম, অবশ্যই ভালো হতো। তবে যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি, তো ফ্যামিলি আগে।’
জাতীয় দলের অ্যাসাইনমেন্ট শেষ করেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএল খেলতে যাওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু টেস্টের মাঝপথে জানান আইপিএল থেকে সরে দাঁড়ানোর খবর।
মোহামেডানের হয়ে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে খেলার ব্যাপারেও নিশ্চিত নন সাকিব। বললেন, ‘সেটি সময়ই বলে দেবে, দেখি।’
কেকেআর এবার দুজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে টেনেছিল। সাকিব সরে গেলেও লিটন দাস প্রথমবার আইপিএল খেলতে যাচ্ছেন।








