সংযুক্ত আরব আমিরাতে গড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টুয়েন্টি। প্রতিযোগিতায় আছেন বাংলাদেশের তিন তারকা। লিগটিতে খেলতে উড়াল দিয়েছেন মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসে খেলবেন বাঁহাতি পেসার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে যাওয়ার খবর দিয়েছেন মোস্তাফিজ। ৩০ বর্ষী তারকা লিখেছেন, ‘আইএল টি-টুয়েন্টি লিগে খেলতে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছি। আমার দল দুবাই ক্যাপিটালস পরিবারে যোগ দেয়ার জন্য তর সইছে না।’
বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে মোস্তাফিজ আগে থেকেই পরিচিত মুখ। আইপিএলে পাঁচটি ভিন্ন দলের হয়ে খেলেছেন। ৬০ ম্যাচে তার ঝুলিতে ৬৫ উইকেট, ইকোনমি ৮.১৩। ২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৯.২৬ ইকোনমি থাকলেও পরিস্থিতি অনুযায়ী দারুণ বোলিং করে নজর কেড়েছিলেন।
মোস্তাফিজের আগেই টুর্নামেন্টে যোগ দিয়েছেন অন্য দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সাকিব এমআই এমিরেটস ও তাসকিন খেলছেন শারজাহ ওয়ারিয়র্সে। গালফ জায়ান্টসের বিপক্ষে এমিরেটসের প্রথম ম্যাচের একাদশে ছিলেন না সাকিব।








