বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। সবশেষ স্বাগতিক ভারতের বিপক্ষেও বড় হার দেখেছে টিম টাইগার্স। উড়তে থাকা সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ। তারপরও শেষ ম্যাচের জয়-পরাজয় নিয়ে ভাবছেন না বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
দলের পরাজয়ের পর দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়াদের বিপক্ষে মাইন্ডসেট কেমন হবে এমন প্রশ্নে সাকিব জানান, ‘আমাদের ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে। বিশ্বকাপে আপনি সবশেষ ম্যাচ জিতেছেন নাকি হেরেছেন এটি খুব একটা ব্যাপার না। খেলার দিন কে ভালো পারফর্ম করছে, সেটাই মুখ্য।’
‘আমরা দেখেছি সাউথ আফ্রিকা উড়ছিল, পরে তারা নেদারল্যান্ডসের কাছে হেরেছিল। তারা ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ খেলেছিল। তার মানে এটা, ক্রিকেটে যে কোনও কিছু হতে পারে, বিশেষত বিশ্বকাপে। সুতরাং, আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি যেভাবে আমরা প্রস্তুত হতে চেয়েছি। আমরা আমাদের সর্বোচ্চটা দিতে চাই, তখন দেখব আমরা কোথায়।’
বাংলাদেশ এখন পর্যন্ত নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং স্বাগতিক ভারতের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান করছে। আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে পঞ্চম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।








