এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অপেক্ষার অবসান হতে চললো অবশেষে। দেশের অন্যতম বৃহত্তম টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-৩ এর পর্দা নামতে চলেছে। আগামী ৭ ফেব্রুয়ারি গড়াবে ২০২৬ আসরের ফাইনাল। শিরোপামঞ্চে লড়বে টিম জিমজোন ঢাকা ও চাঁদপুরের হাজীগঞ্জ ভিক্টোরি সুপার হিরোজ।
শনিবার চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল এগারোটায় শুরু হবে ফাইনাল। শিরোপামঞ্চে জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন ক্রিকেটার থাকবেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে জমকালো আয়োজন।
গত বছর ১৯ ডিসেম্বর জমকালো আয়োজনে মাঠে গড়ায় টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এসপিএল সিজন-৩। দেশের বিভিন্ন অঞ্চলের ৩২টি দল নিয়ে শুরু হয় আসর। প্রথম রাউন্ড থেকেই নকআউট পদ্ধতিতে গড়ানো আসরটির পর্দা নামছে এবার। দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের খেলা শেষে ফাইনালে জায়গা করে নিয়েছে জিমজোন ঢাকা ও ভিক্টোরি সুপার হিরোজ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে শিরোপার পাশাপাশি দেয়া হবে ৬ লক্ষ টাকা প্রাইজমানি। রানার্সআপ দল ট্রফির পাশাপাশি প্রাইজমানি পাবে ৪ লক্ষ টাকা। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতা করেছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান সানসিটি পলিক্লিনিক ও বিএএন কোম্পানি।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সবগুলোর ম্যাচের পাশাপাশি ফাইনালও সম্প্রচার করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা যাবে ‘শাহরাস্তি প্রিমিয়ার লিগ’র ফেসবুক পেজ ও ‘ই স্পোর্টস’ পেজ থেকে।
শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেনের হাত ধরে ২০২৩ সালে টুর্নামেন্টটি শুরু হয়। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে উপলতা স্পোর্টিং ক্লাব। গত আসরে ভিক্টোরি সুপার হিরোজকে হারিয়ে শিরোপা জেতে কুমিল্লার গুণবতী আলকরা স্পোর্টস ইউনিটি চৌদ্দগ্রাম।








