একসময় বলিউডের অন্যতম চর্চিত জুটি ছিল কারিনা কাপুর ও শহিদ কাপুর। কাপুর পরিবারের মেয়ে কারিনা আর শহিদ কাপুরের প্রেমের সম্পর্ক নিয়ে তখন ভক্তদের আগ্রহ তুঙ্গে।
এমনকি রণধীর কাপুরও শহিদকে প্রায় জামাই হিসেবেই মেনে নিয়েছিলেন। কিন্তু হঠাৎ সেই সম্পর্কে ফাটল ধরে। বিচ্ছেদের পর দু’জনেই আলাদা পথে হাঁটেন। আজ দু’জনেই আলাদা সুখী দাম্পত্য জীবনে।
প্রেম ভাঙার পর দুজনকে খুব একটা সঙ্গে দেখা যায়নি। এমনকি জনসম্মুখে কথাও বলতেন না তারা। তবে সেই অতীত পেছনে ফেলে শনিবার (৮ মার্চ) জয়পুরে আয়োজিত আইফা ২০২৫-এর সাংবাদিক সম্মেলনে ঘটল চমকপ্রদ ঘটনা।
বহু বছর পর একে অপরের মুখোমুখি হয়ে জড়িয়ে ধরলেন শহিদ কাপুর ও কারিনা কাপুর খান। শুধু আলিঙ্গনই নয়, পাশাপাশি দাঁড়িয়েও ক্যামেরার সামনে পোজ দিলেন তারা।
এই মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয় চরম উত্তেজনা। এক ভক্ত লিখেছেন, “নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না!” আরেকজনের মন্তব্য, “অলৌকিক ব্যাপার!” কেউ আবার লিখলেন, “যাব উই মেট পার্ট ২ চাই!” তবে অনেকেই লক্ষ্য করেছেন, আলিঙ্গনের পরও শাহিদের মধ্যে খানিকটা অস্বস্তি ছিল।
এদিকে ভাইরাল হওয়া সেই ভিডিও প্রকাশ্যে আসার পর শহিদ নিজেই কারিনার সঙ্গে দেখা হওয়ার বিষয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেতা বলেন যে, তাদের দু’জনেরই দেখা হতেই থাকে। এই সবই স্বাভাবিক। অভিনেতা আরো বলেন, ‘আমাদের জন্য এটা নতুন কিছু ছিল না, আজ আমদের মঞ্চে দেখা হয়েছে এবং এখানে-ওখানে দেখা হতেই থাকে। কিন্তু আমাদের জন্য এই সব কিছুই সম্পূর্ণ স্বাভাবিক। যদি মানুষ এটা পছন্দ করেন তবে ভালোই।’
২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন শহিদ-কারিনা। করণ জোহরের শোতেও তারা দু’জনেই তাদের প্রেমের কথা স্বীকার করেছিলেন। এছাড়াও দুজনেই ‘ফিদা’ এবং ‘চুপ চুপ কে’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। কিন্তু, ‘যাব উই মেট’ ছবির শুটিংয়ের আগেই তাদের দু’জনের বিচ্ছেদ ঘটে।








