আগেই জানা গিয়েছিল এবছর দীপাবলির আলোতে আলোকিত হবেনা শাহরুখ খানের বান্দ্রার সমুদ্রপাড়ের বিখ্যাত বাড়ি ‘মান্নাত’। কেননা এবছর চলছে বাড়ির পুনর্নির্মাণ ও সংরক্ষণের কাজ। তাইতো দীপাবলিতে ঝলমলে সাজে নেই ‘মান্নাত’। কিন্তু তাই বলে কি দীপাবলি উদযাপন বন্ধ হয়ে যাবে? না, একদমই এমনটা না।
বর্তমানে শাহরুখ খান সপরিবারে পালি হিলের একটি ভাড়াবাড়িতে বসবাস করছেন। সেখানেই ছোট করে দীপাবলি উদ্যাপন করেছেন তিনি ও তার পরিবার। বাড়িতে লক্ষ্মীপূজাও করেছেন শাহরুখের স্ত্রী ও প্রযোজক এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খান।
দীপাবলির রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গৌরীর ছবি দিয়ে শাহরুখ লিখেছেন, “শুভ দীপাবলি সকলকে। মা লক্ষ্মী আপনাদের উন্নতি ও সমৃদ্ধি দিন। আলোর উৎসবে সকলের জীবনে শান্তি আসুক।”
যদিও এবারের দীপাবলিতে ‘মান্নাত’-এর আলো নিভে গেছে, তবু শাহরুখ খানের জীবনে এখন উজ্জ্বল সময়। সম্প্রতি তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। ছেলে আরিয়ান খান বলিউডে আত্মপ্রকাশ করেছেন। আর মেয়ে সুহানা খানও নতুন ছবির প্রস্তুতিতে ব্যস্ত, যেখানে দেখা যাবে শাহরুখকেও।
গৌরী খান বর্তমানে ‘মান্নাত’-এর অন্দরসজ্জায় বড় পরিবর্তন আনছেন। প্রায় ছয় মাস ধরে সংস্কারের কাজ চলছে। ঠিক কবে আবার আলোয় ভরে উঠবে বান্দ্রার এই সাদা সমুদ্রপাড়ের বাড়ি, সে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।- হিন্দুস্থান টাইমস








